আমার কলম সৃষ্টি সুখের পাখি
আমার কলম হাট্টিমা টিম টিম
আমার কলম অঙ্ক ক্লাসে ফাঁকি-
হাফ-ইয়ার্লি
আস্ত ঘোড়ার ডিম।।
আমার কলম কালবোশেখি ঝড়ে
আমার কলম গা ছমছম নেশা
আমার কলম সুর্যাস্তের পরে
ঘুমপাড়ানী
মাসি পিসির পেশা।।
আমার কলম মাঝ বয়সী চাঁদে
আমার কলম অধর ছোঁওয়া হাসি
আমার কলম বিপজ্জনক খাদে
নিষিদ্ধ
নীল সপ্ন পাশাপাশি।।
আমার কলম মৃত্যু ছবি আঁকে
আমার কলম বৃহন্নলার স্নায়ু
আমার কলম বুকপকেটের ফাঁকে
মধ্যবিত্ত
ক্ষয়িষ্ণু পরমায়ু।।
আমার কলম বেজায় শান্ত ছেলে
আমার কলম সিক্ত দখিন হাওয়া
আমার কলম এমনি এমনি খেলে
বাধ্য
তোমার সপ্ন ডিঙা বাওয়া।।
আমার কলম আমার অভিনয়
আমার কলম আমার পায়ের ছাপ
আমার কলম অহঙ্কারের ভয়ে
কৃষ্ণকলির
তৃষ্ণার উত্তাপ।।
আমার কলম অজয় নদীর বাণে
আমার কলম রবীন্দ্রনাথে পায়
আমার কলম ভালোবাসতে জানে
মৃণাল
এবং সত্যজীৎ রায়।।
আমার কলম ঋদ্ধ প্রতিবাদে
আমার কলম কঠোর কঠিন প্রাণ
আমার কলম বিভৎস উন্মাদে
গীটার
হাতে জীবন মুখী গান।।
তবুও আমার কলম জুড়ে আলো
আমার কলম শীরায় উপশিরায়
তবুও আমার কলম বাসে ভালো
আমার কলম বাংলায় গান গায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন